অপেক্ষা করুক
অপেক্ষা করুক
✍️ সত্যান্বেষী দেবাশীষ
আমি চাই কোন একজন কেবল
আমার জন্যই অপেক্ষা করুক।
সে হোক মেঘনার কুলের বা যমুনার বুকের,
বা কীর্তনখোলার সবুজ ছায়ার,
হোক না ভিনদেশী বা অন্য আদর্শে বিশ্বাসী,
হোক না ভিন্ন খাদ্যাভ্যাসে বেড়ে ওঠা,
কিম্বা কালোকেশী বা ধবল চুলো
কিম্বা কোন পর্বতবাসী বা মরুবাসী
হোক না ইসলাম বা জাত-ব্রাহ্মণ
হোক না সংকর বা উপজাতি।
হোক না কোন বেশ্যারজাত
বা সত্যাবতীর গর্ভজাত,
হোক না সুললিতা বা বেসুরো।
তবুও যেন আমি তাকে ভালোবাসি,
সে আমাকে।
আমি চাই কেউ একজন কেবল
আমার জন্যই অপেক্ষায় থাকুক,
তার সকল দুঃখ-গ্লানি নিয়ে,
অপেক্ষায় থাকুক সঞ্চিত যৌবন নিয়ে,
কৌশর-তারুণ্যের উদ্যাম নিয়ে,
স্বপ্ন-শখ,বিরহ-বেদনা নিয়ে,
অপেক্ষা করুক তার সমগ্র
নেশা-মাতালতা নিয়ে,
অনশনে থেকে মলিনবদন
কেবল আমায় দেখাবে বলে এত অপেক্ষা,
আমার জন্য তার জীবন ছিন্নভিন্ন,
চুল এলোমেলো, পোষাক অপরিচ্ছন্ন,
আর কেবল আমার জন্যই তার সাজসজ্জা,
আমায় সঁপিবে বল তার সকল অর্জন,
কেবল আমার অপেক্ষার ছায়া
তাকে রোদের আড়ালে রাখে,
সকল কলঙ্ক - মাতালতা গোপন থাকে,
অসীম-অনন্ত অপেক্ষায় থাকুক
আমায় পড়াবে বলে
সকল সোহাগ- স্বপ্নে গাথা
জারুল ফুলের মালা হাতে
কেউ অপেক্ষা করুক।
সন্ধ্যা- ০৭.০৪; তাং- ১৬.০৩.১৯ ইং
মহাশ্মশান, বরিশাল
Comments
Post a Comment